ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের চারজনের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মেয়েসহ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২৮ জুলাই) সকালে পৌর এলাকার বিজয় পাড়া থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সোহাগ (৩৩), তার স্ত্রী জান্নাত (২৫), তাদের মেয়ে ফাহিমা (৪) ও সাদিয়া (২)। সোহাগ কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। সকালে পরিবারের সদস্যরা তাদের ডাকাডাকি করে লোকজনের কোনো সাড়া পায়নি। পরে স্থানীয়দের সহায়তায় ঘরে দরজা ভেঙে তাদের সবার লাশ দেখতে পান। এরমধ্যে সোহাগ ও এক মেয়ের লাশ চালের তীরের কাঠে ঝুলছিল, স্ত্রী জান্নাতের লাশ খাটে ও আরেক মেয়ের লাশ খাটের পাশে পড়ে ছিল।
তিনি জানান, তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখন কিছু জানা যায়নি। এটা হত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এবং তদন্ত করার পর বলা যাবে।
লাশগুলো সুরতহাল করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।