বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ব্লগার অনন্ত হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

মোহাম্মদ খাইরুল আমিন 30 মার্চ 2022, 02:10 দুপুর 332 বার পঠিত
ব্লগার অনন্ত হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

ব্লগার অনন্ত বিজয় দাসকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই বিজ্ঞান লেখকের হত্যার রায় কি আসে তা নিয়ে বেশ আগ্রহ ছিল সবার। আরেক বিতর্কিত ব্লগার শফিউর রহমান ফারাবী এই হত্যা মামলা থেকে খালাস পেয়েছেন।

আজ বুধবার দুপুর পৌনে একটার দিকে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এই রায় ঘোষণা করেন। 

যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার আবুলে হোসেন (২৫), তালবাড়ির ফয়সাল আহমদ (২৭), সুনমগঞ্জের তাহিরপুরের মামুনুর রশীদ (২৫) ও কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ (২৫)।

২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন ব্লগার অনন্ত। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। 

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবি (পিপি) মুমিনুর রহমান টিটু সাংবাদিকদের জানান, রায় ঘোষণার সময় ফারাবী ও আবুল খায়ের উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ড পাওয়া বাকি তিন আসামি পলাতক আছেন। 

গত ১৪ মার্চ মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এর পর বুধবার রায়ের তারিখ নির্ধারণ করেছিলেন বিচারক।