বিমানবন্দরে ইমরান খানের মোবাইল চুরি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুটি মোবাইল ফোন চুরি হয়ে গেছে। শিয়ালকোট বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে শনিবার। পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান সম্প্রতি দাবি করেছিলেন, তাকে হত্যার চেষ্টা চলছে। হত্যাচেষ্টার প্রমাণসহ একটি ভিডিও তার মোবাইলে নিরাপদে রেখে দিয়েছেন। এর পর তার মোবাইল চুরির ঘটনা ঘটল।
শনিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরেই পিটিআইয়ের এক জনসভায় ইমরান চমকপ্রদ দাবিটা করেছিলেন। তার দাবি ছিল, দেশের ভেতরে ও বাইরে বসে তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, প্রমাণসহ একটি ভিডিও তিনি মোবাইলে সেভ করে রেখেছেন। প্রয়োজনে তা প্রকাশ করবেন।
ইমরানের মুখপাত্র শাহবাজ গিল সোমবার এক টুইট বার্তায় জানান, শিয়ালকোটের জনসভা শেষে ফিরছিলেন ইমরান খান। এর পর শিয়ালকোট বিমানবন্দর থেকে তার দুটি মোবাইল ফোন চুরি হয়ে যায়।
শাহবাজ গিলের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী হলেও ইমরানকে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়নি। এই সুযোগে তার ফোন চুরি হয়েছে। তবে তিনি দাবি করেন, ইমরান খান যে ভিডিওর কথা বলছেন তা চুরি যাওয়া দু্ই মোবাইলের কোনোটিতে পাওয়া যাবে না।