শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাস ছাড়া চলছে প্রায় সব যানবাহন

অনলাইন নিউজ পোর্টাল 18 এপ্রিল 2021, 11:28 দুপুর 66 বার পঠিত
বাস ছাড়া চলছে প্রায় সব যানবাহন

দ্বিতীয় দফায় দেয়া কঠোর লকডাউনের চতুর্থ দিনেও রাজধানীতে বাস ছাড়া প্রায় সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে। সংখ্যায় কম হলেও এসব যানবাহন রাজধানীর প্রায় এলাকাতেই দেখা যায়। পুলিশ বলছে, এগুলোর বেশির ভাগই মুভমেন্ট পাস নিয়ে চলাচল করছে। আর কিছু যানবাহন হাসপাতাল, বাজারসহ বিভিন্ন ধরনের জরুরি প্রয়োজনের দোহাই দিচ্ছে। তবে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করে যেসব যানবাহন ও ব্যক্তিকে অপ্রয়োজনে বেরিয়েছে বলে মনে হচ্ছে তাদের ফেরত পাঠানো হচ্ছে।   এ দিকে রিকশা ও মোটরসাইকেলসহ কিছু যানবাহনকে চেকপোস্ট এড়িয়ে চলাচল করতেও দেখা গেছে। রাজধানীর মিরপুর, ফার্মগেট, তেজগাঁও, বিজয় সরণি, কাকরাইল, পল্টন, মতিঝিল এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শনিবার সকালে রাস্তায় যানবাহন কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। যেখানে নামী-দামি ব্র্যান্ডের কার, জিপ, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, ছোট বড় ট্রাক, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ভ্যান ও প্রচুর পরিমাণ রিকশা দেখা যায়। দুপুরে মোটরসাইকেল নিয়ে বিজয় সরণি এলাকায় ট্রাফিক জ্যামে আটকা পড়েন জসিম উদ্দিন। তিনি বলেন, জরুরি প্রয়োজনে মুভমেন্ট পাস নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম। ভেবেছিলাম রাস্তায় যানবাহন কম থাকবে। কিন্তু বাইরে এসে দেখি আমার মতোই প্রচুর লোক রাস্তায় নেমেছে। গাড়ির সংখ্যাও অনেক। তবে যাত্রীবাহী বাস চোখে পড়েনি। তিনি আরো বলেন, বিজয় সরণি এলাকায় এসে ট্রাফিক জ্যামে আটকে থাকতে হয়েছে তাকে। প্রায় ৫ মিনিট অপেক্ষার পর তিনি কাওরান বাজারের দিকে যাত্রা করেন।