বাড়তে পারে ট্রেনের ভাড়াও
মোহাম্মদ খাইরুল আমিন
•
07 আগস্ট 2022, 07:31 বিকাল
•
705 বার পঠিত
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বেড়েছে বাসের ভাড়া। লঞ্চের ভাড়াও বাড়তে যাচ্ছে। এই পরিস্থিতিতে ট্রেনের ভাড়াও বাড়ানো হতে পারে বলে জানালেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আজ রোববার রেলমন্ত্রী বলেছেন, এ বিষয়ে অবশ্য এখনো কোনও সিদ্ধান্ত হয়নি।
রেলমন্ত্রী একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘ট্রেন ও বাসের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে, যা ট্রেনের ওপর বিশাল চাপ তৈরি করবে। সুতরাং, আমাদের ট্রেনের ভাড়া সমন্বয় করতে হতে পারে। কিন্তু আমরা এখনও ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিইনি।’’
তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ রেলওয়ে একটি রাষ্ট্রীয় সংস্থা। তাই ট্রেনের ভাড়া বাড়াতে চাইলে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে হবে।’’
প্রধানমন্ত্রীর নির্দেশনা তারা নিতে যাচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘‘আমরা এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি।’’