বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী

মোহাম্মদ খাইরুল আমিন 27 এপ্রিল 2026, 05:45 বিকাল 77 বার পঠিত
বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী, ব্যারাকপুরের সাবেক এমপি, বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করেছে দিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দীনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকা মিশনের দায়িত্ব বুঝে নেবেন।

দীনেশ ত্রিবেদী যে হাই কমিশনার হয়ে ঢাকায় আসতে পারেন, সে খবর দুই সপ্তাহ আগেই দিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিল নরেন্দ্র মোদীর সরকার।

এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাই কমিশনারের দায়িত্ব দিল ভারত। তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় মিশনে দায়িত্ব পালন করে আসা প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত করার ঘোষণা দেওয়া হয়েছে।

রাজনীতিতে অভিজ্ঞ ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীর সামনে এবার থাকবে দুই দেশের তিক্ততা ঘুচিয়ে সম্পর্ক পুনরুদ্ধারের চ্যালেঞ্জ।

২০২৪ সালের অগাস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাপক অবনতি হয়।

এরপর গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ শুরু হয় দুই তরফেই।