বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বাংলাদেশে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দিলেই আইসোলেশন 

মোহাম্মদ খাইরুল আমিন 23 মে 2022, 01:06 দুপুর 918 বার পঠিত
বাংলাদেশে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দিলেই আইসোলেশন 

মাঙ্কিপক্স প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর দেশে সতর্কতার কথা জানিয়েছে। সন্দেহজনক ও লক্ষণযুক্ত মাঙ্কিপক্স রোগীদের ঢাকায় আইসোলেশনের ব্যবস্থা করার কথা জানিয়েছে তারা। সেই সাথে সন্দেহযুক্ত কিংবা রোগীদের বিষয়ে রোগ নিয়ন্ত্রণ শাখা ও আইইডিসিআরে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম সাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আফ্রিকা, ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। মাঙ্কিপক্স নতুন রোগ নয়, এ রোগকে পশ্চিম আফ্রিকা বা মধ্য আফ্রিকান দেশগুলোতে অ্যান্ডেমিক হিসেবে ধরা হয়। আগে শুধুমাত্র পশ্চিম আফ্রিকা বা মধ্য আফ্রিকান দেশগুলোতে ভ্রমণকারীদের বা বাসিন্দাদের মধ্যে শনাক্ত করা হলেও সম্প্রতি ভ্রমণের ইতিহাস নেই, ইউরোপ ও আমেরিকায় বসবাসকারী এমন ব্যক্তিদের মাঝে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

রোগীদের মধ্যে ফুসকুড়ি দেখা গেলে এবং সম্প্রতি মাঙ্কিপক্সের নিশ্চিত কেস আছে এমন দেশগুলোতে ভ্রমণ করলে, অথবা এমন কোনো ব্যক্তি বা লোকের সঙ্গে যোগাযোগ করেছেন যাদের একই রকম ফুসকুড়ি দেখা গেছে বা নিশ্চিত বা সন্দেহজনক মাঙ্কিপক্স রোগী হিসেবে শনাক্ত হয়েছেন, তাদের মাঙ্কিপক্সের জন্য সন্দেহজনক রোগীর তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

চিঠিতে বলা হয়েছে, সন্দেহজনক ও লক্ষণযুক্ত রোগীকে নিকটস্থ সরকারি সাহপাতালে বা সংক্রামক ব্যাধি হাসপাতাল, ঢাকায় আইসোলেশনের ব্যবস্থা করতে হবে। রোগ নিয়ন্ত্রণ শাখা ও আইইডিসিআরে তাদের তথ্য পাঠাতে হবে।

একইসঙ্গে মাঙ্কিপক্স প্রতিরোধে দেশের আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দর সমূহে আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের ওপর সজাগ দৃষ্টি রাখা ও হেলথ স্ক্রিনিং জোরদার করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের ১৫টি দেশে ৯০ এর বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। করোনা মহামারীর মতো এই নতুন ভাইরাস নিয়ে এখন দুনিয়া জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।