বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাড্ডায় আগুন: স্বামীর পর স্ত্রীরও মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 28 মার্চ 2022, 11:34 দুপুর 354 বার পঠিত
বাড্ডায় আগুন: স্বামীর পর স্ত্রীরও মৃত্যু

রাজধানী বাড্ডায় রান্নাঘরে গ্যাসের আগুনে দগ্ধ হওয়ার ঘটনায় এবার না ফেরার দেশে চলে গেলেন রেখা (৩৫)। তার স্বামী আবু সাঈদ (৩৮) বুধবার ঘটনার দিনই মারা গিয়েছিলেন। এখনও শেখ হাসিনা জাতীয় বার্ন এণ্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে প্রয়াত দম্পতির দুই শিশু সন্তান।

গত বুধবার সকালে বাড্ডার ওই পরিবারের রান্নাঘরে গ্যাসের লিকেজ হয়েছিল বলে ধারণা করা হয়। সেখান থেকে আগুন লাগার কথাই বলা হচ্ছে। সেই আগুনে পরিবারের চার সদস্যই দগ্ধ হয়। 

চারজনকেই হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার সন্ধ্যার দিকে মারা যান পরিবারের অভিভাবক আবু সাঈদ। স্ত্রী রেখার শরীরের ৩০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। 

পিতৃ-মাতৃহীন হয়ে যাওয়া দুই শিশু সন্তানের মধ্যে বড় জন ৯ বছর বয়সী সাফা। তার শরীরের ১১ শতাংশ আর ৭ বছর বয়সী তার অনুজ সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ আগুনে পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় তিন তলা একটি বাড়ির দ্বিতীয় তলায় ওই পরিবার থাকত।