আতঙ্কে ঢাবির হল ছাড়ছেন শিক্ষার্থীরা
মোহাম্মদ খাইরুল আমিন
•
16 জুলাই 2024, 03:00 দুপুর
•
389 বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার পর পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা আর নিরাপত্তা শঙ্কায় হল ছাড়ছেন অনেক শিক্ষার্থী।
শিক্ষার্থীদের ভাষ্য, আন্দোলনে অংশ নেওয়ায় সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগের নেতাকর্মীরা অনেক শিক্ষার্থীকে হয়রানি ও মারধর করেছে। এতে হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার সকাল থেকে বিজয় একাত্তর হল, রোকেয়া হল, কবি জসীম উদ্দিন হল, মাস্টার দা সূর্যসেন হলসহ প্রায় সব হল থেকেই শিক্ষার্থীদের অনেকেই বেরিয়ে যাচ্ছেন। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ব্যাগ গুছিয়ে হল ছাড়তে দেখা গেছে। পরিবেশ স্বাভাবিক হয়ে ক্যাম্পাসে ফিরবেন বলে জানিয়েছেন তারা।