শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আত্মতৃপ্তির সুযোগ নেই

ওএনপি২৪ নিউজ ডেস্ক 22 আগস্ট 2025, 12:35 দুপুর 179 বার পঠিত
আত্মতৃপ্তির সুযোগ নেই

বাংলাদেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে আত্মতৃপ্ত হওয়ার মতো অবস্থা নয়। বর্তমানে মূল্যস্ফীতির হার সাড়ে ৮ শতাংশ। অর্থাৎ গত বছর যে পণ্য ১০০ টাকায় কেনা যেত, এখন তা কিনতে ১০৮ টাকার বেশি লাগছে। সীমিত আয়ের মানুষের জন্য এই মূল্যস্ফীতি এখনও সহনীয় নয়। কারণ কর্মসংস্থানের সুযোগ কম, সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও ভালো নয়।

শুধু দক্ষিণ এশিয়া নয়, পুরো এশিয়াতেই উচ্চ মূল্যস্ফীতির শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ। উদাহরণ হিসেবে শ্রীলঙ্কার কথা বলা যায়—২০২২ সালে দেউলিয়া হওয়ার পর দেশটিতে মূল্যস্ফীতি ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। গণ-অভ্যুত্থানের পর সরকার পরিবর্তন হয়। নতুন সরকার অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের পাশাপাশি সাধারণ মানুষের জন্য কল্যাণমুখী বাজেট দিয়েছে।

অন্যদিকে, বাংলাদেশে চলতি অর্থবছরের বাজেটে নিম্ন ও সীমিত আয়ের মানুষের জন্য উল্লেখযোগ্য কোনো উদ্যোগ দেখা যায়নি। বাজেট মূলত আগের ধারাবাহিকতারই অংশ। অথচ জুলাই মাসের গণ-অভ্যুত্থানে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছেন শ্রমজীবী মানুষ, যাদের জন্য বাড়তি সহায়তার প্রত্যাশা ছিল।

পাকিস্তানের অবস্থাও একসময় বাংলাদেশের চেয়ে খারাপ ছিল। মূল্যস্ফীতি ৩৫ শতাংশ ছাড়িয়েছিল। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তায় দেশটিতে মূল্যস্ফীতি কমে বর্তমানে বাংলাদেশের অর্ধেকের নিচে নেমেছে।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল, শুধু ঋণের সুদের হার বাড়ানো ও বাজারে টাকার সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাস্তবতাও তাই প্রমাণ করছে। অন্তর্বর্তী সরকারের এক বছর পরও মূল্যস্ফীতি সাড়ে ৮ শতাংশে স্থির আছে। জুনে সামান্য কমলেও জুলাইয়ে আবার কিছুটা বেড়েছে।

গত রমজানে কিছু মৌসুমি পণ্যের সরবরাহ, শুল্ক ছাড় এবং ডলার সরবরাহ বাড়ার কারণে দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে ছিল। তবে গত এক বছরে বাজারব্যবস্থায় শৃঙ্খলা আনা, প্রতিযোগিতা সৃষ্টি এবং প্রয়োজনীয় সংস্কার কতটা হয়েছে, সেটিই এখন বড় প্রশ্ন।

সেলিম রায়হান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়নবিষয়ক কমিটি এবং অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্কফোর্সের সদস্য।