‘আমরা ক্ষমতাচ্যুত হলে এক রাতেই ৬৫ হাজার লোক মারা যাবে’
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে এক রাতের মধ্যে ৬৫ হাজার লোক মারা যাবে বলে আশঙ্কা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় দেওয়া বক্তব্যে এ আশঙ্কার কথা জানান তিনি।
শামীম ওসমান বলেন, ‘আমরা ১৪ বছর ধরে ক্ষমতায়। আমরা যদি ক্ষমতাচ্যুত হই তাহলে এক রাতের মধ্যেই ৬৫ হাজার লোক মারা যাবে।’
আওয়ামী লীগের এ সংসদ সদস্য বলেন, ‘রাজনীতি একটা কৌশল। এ কৌশল আমরা কীভাবে নেবো তা বসে ঠিক করতে হবে। ২৮ অক্টোবরের কর্মসূচি ক্রিটিক্যাল। আমাদের বুঝে-শুনে পা ফেলতে হবে। আমরা কারও গণতান্ত্রিক অবস্থানে বাধা দেব না। এটা নেত্রীর নির্দেশ না।’
শামীম ওসমান বলেন, ‘আগামী ৪ তারিখ দেশের মানুষ জাতির পিতার কন্যাকে কতটা ভালোবাসে সেটা প্রমাণ করতে হবে। এটা যখন শাপলা চত্বরে হবে, আমাদের বিশ্বাস সেদিন সেখানে ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশটা হবে।’
তিনি বলেন, ‘জামায়াত বিএনপিকে পরিচালনা করছে। লন্ডনে যে খুনিটা বসে আছে তাকে জামায়াতে ইসলামী পরিচালনা করছে। কারণ তারা জানে নির্বাচন হলে তারা ফেল করবে। তাই ওরা নির্বাচন চায় না; ওরা চায় দেশে একটা অরাজকতা হোক। এর পেছনে পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্র কাজ করছে। ওরা বিএনপিকে ক্ষমতায় আনার জন্য এসব করছে না; এটা করছে ভৌগোলিক অবস্থানের কারণে।’
নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নিয়ে শামীম ওসমান বলেন, ‘এক বছর ধরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি বসে আছে। আমি কোনো থানা কমিটি দেখতেও যাইনি, ফতুল্লায়ও যাইনি; কারণ সবাইতো আমারই লোক। আমার স্বেচ্ছাসেবক লীগ কার জন্য ভেঙে দেওয়া হলো আমি জানি না। আমাদের ত্যাগী লোকদের মূল্যায়ন করা দরকার। খন্দকার মোশতাক আহমেদ চাই না। এরা অনেক নাটকবাজ হয়।’
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।