বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

আম্পায়ারের সঙ্গে অসদাচরণে এক ম্যাচ নিষিদ্ধ তাওহীদ হৃদয়

মোহাম্মদ খাইরুল আমিন 12 এপ্রিল 2025, 11:31 রাত 686 বার পঠিত
আম্পায়ারের সঙ্গে অসদাচরণে এক ম্যাচ নিষিদ্ধ তাওহীদ হৃদয়

আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহীদ হৃদয়কে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি পেসার ইবাদত হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা এবং ৩ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ম্যাচ শেষে শুনানির পর ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল এই সিদ্ধান্ত জানান।

ঘটনার সূত্রপাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সময়, যখন আবাহনী ব্যাটিং করছিল এবং মোহাম্মদ মিঠুন ছিলেন ক্রিজে। অষ্টম ওভারে ইবাদতের করা বলে এলবির আবেদন করলে আম্পায়ার তানভীর আহমেদ সাড়া না দেওয়ায় মোহামেডান খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ইবাদত রুমাল ছুঁড়ে মারেন এবং খেলোয়াড়রা আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন অধিনায়ক হৃদয় আম্পায়ারের সঙ্গে সরাসরি তর্কে জড়ান। তাকে থামাতে এগিয়ে আসেন মুশফিকুর রহিম, কিন্তু তিনিও কিছুটা তর্কে জড়িয়ে পড়েন। পরে মেহেদী হাসান মিরাজ এসে হৃদয়কে শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর আগে একই ম্যাচে আরেকটি বিতর্কিত এলবিডব্লিউ সিদ্ধান্ত নিয়ে আম্পায়ার সৈকতের সঙ্গে তর্কে জড়িয়েছিল মোহামেডানের খেলোয়াড়েরা। তবে সেই ঘটনাটি সীমিত পরিসরেই ছিল। রিপ্লেতে দেখা যায় বলটি অফ স্টাম্পের অনেক বাইরে ছিল, তবু খেলোয়াড়রা সিদ্ধান্ত মেনে নিতে পারেননি।

ম্যাচ শেষে মোহামেডান ৩৯ রানে জয় পেলেও, মাঠের বাইরের এই ঘটনা নিয়েই বেশি আলোচনা হচ্ছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কঠোর ভাষায় আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

এই ঘটনায় মোহামেডানের শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়েছে, বিশেষত পেশাদার লিগে এ ধরনের প্রতিক্রিয়া ও আম্পায়ারের প্রতি অসম্মানজনক আচরণ নিয়েও সমালোচনা শুরু হয়েছে।