আজ বৈঠকে বসছেন বাইডেন-পুতিন
সুইজারল্যান্ডের জেনেভায় আজ বুধবার শীর্ষ বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঠিক যখন দুই দেশের মধ্যকার সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে, তখনই দুই নেতা বৈঠকে বসতে যাচ্ছেন।
বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে মতবিরোধ চরমে পৌঁছেছে। এ অবস্থায় দুই দেশের শীর্ষ বৈঠক বন্ধুত্বপূর্ণ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।
মার্কিন গণমাধ্যম সিএনবিসির খবরে বলা হয়েছে, জেনেভায় এই শীর্ষ বৈঠক হবে চলতি বছরে বৈশ্বিক ভূরাজনৈতিক মঞ্চের সবচেয়ে বড় ঘটনা। প্রেসিডেন্ট হওয়ার পর পুতিনের সঙ্গে এটি বাইডেনের প্রথম বৈঠক। যদিও বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে সম্পর্ক টালমাটাল অবস্থায় রয়েছে।
গত মার্চে এক সাক্ষাত্কারে প্রেসিডেন্ট বাইডেন তার সাক্ষাত্কার গ্রহণকারীর সঙ্গে একমত হন যে, ভ্লাদিমির পুতিন আসলে ‘একজন খুনি’। এরপর যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় রাশিয়া। অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূতকে মস্কো থেকে ওয়াশিংটনে ফিরিয়ে নেওয়া হয়।