আইএমএফের ঋণ পেতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি : ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিপাকে পড়ার পর আইএমএফের ঋণ পেতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণকে বিপদে ফেলেছে।
শুক্রবার রাতে সরকার ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায়। আর আজ শনিবার ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।
লোড শেডিং ও জ্বালানি খাতে অব্যস্থাপনার প্রতিবাদে ভোলায় বিএনপির কর্মসূচিতে পুলিশের হামলায় জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে সমাবেশ হয়।
মির্জা ফখরুল বলেন, ‘‘সরকার আইএমমএফের কাছে ঋণ চেয়েছে প্রায় ৪০০ কোটি ডলার। কারণ তারা এত মিথ্যাচার করে এসেছে যে, রিজার্ভে এত এত ডলার জমা আছে, চিন্তার কারণ নেই। আজকে রিজার্ভ কমে যাওয়ার কারণে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবির কাছে ঋণ চেয়েছে।’’
তিনি আরো বরেন, ‘‘আইএমএফের ঋণের শর্ত খুব শক্ত। তারা বলেছে যে, কোথাও কোনো অধিক ব্যয় করা যাবে না; তারা বলেছে, আজকে যেসব সমস্ত খাতে ভর্তুকি দেওয়া হয়েছে, সেই ভর্তুকিগুলো প্রত্যাহার করা হোক।’’
তিনি মনে করেন, ‘‘জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির একটা ভয়ঙ্ককর প্রভাব ফেলবে সমগ্র দেশের অর্থনীতির উপরে। এটা বাংলাদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। এই জ্বালানি তেলে মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়ে যাবে পরিবহন ভাড়া। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল-ডাল-আটা-তেলের দাম আবার দ্বিগুণ হয়ে যাবে। মাঝ খান থেকে ক্ষতিগ্রস্থ হবে কে? ক্ষতিগ্রস্থ হবে আমাদের সাধারণ মানুষ, যারা দিন আনে দিন খায়।’’