বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৮৪১

মোহাম্মদ খাইরুল আমিন 20 আগস্ট 2023, 06:37 বিকাল 317 বার পঠিত
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৮৪১

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আজ প্রকাশ হয়েছে। সরকারি চাকরিতে নিয়োগের মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন ৯ হাজার ৮৪১ জন পরীক্ষার্থী।

আজ রোববার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি বিশেষ সভার পর ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এই পরীক্ষার ফলাফল কমিশনের ওয়েবসাইটে (bpsc.gov.bd) গেলে পাওয়া যাবে। এছাড়া মোবাইলে Psc লিখে স্পেস দিয়ে 43 লিখে registration number লিখে 16222 নম্বরে এসএসএস করেও ফল জানা যাবে।

কমিশন থেকে জানানো হেয়েছ, এই বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে ৪৩তম বিসিএসের উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হবে। অবশ্য এর তারিখ পরবর্তীতে জানানো হবে।

প্রথম শ্রেণির সরকারি চাকরিতে ১৮১৪টি পদে নিয়োগ দেওয়ার জন্য ২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। ওই বছরের ৩০ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হয়।

করোনা মহামারীর জন্য পরে কয়েক দফা বাড়িয়ে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়।

৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন প্রার্থী আবেদন করেন। 

২০২১ সালের ২৯ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৩ লাখ ২১ হাজার ৬৫০ জন প্রার্থী পরীক্ষা দেন।

২০২২ এর ২০ জানুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ হয়। লিখিত পরীক্ষার জন্য ১৫ হাজার ২২৯ জনকে যোগ্য ঘোষণা করা হয়।

২০২২ সালের ২৪ জুলাই বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা শুরু হয়। তা চলে ৪ আগস্ট পর্যন্ত।