বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত কমে ২৮

মোহাম্মদ খাইরুল আমিন 09 এপ্রিল 2022, 05:46 বিকাল 722 বার পঠিত
২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত কমে ২৮

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারো প্রাণ যায়নি। নতুন রোগী শনাক্তও কমেছে। এদিন শনাক্ত হয়েছেন মাত্র ২৮ জন রোগী। 

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বুলেটিনে করোনায় টানা পঞ্চম মৃত্যুহীন দিন পার করার খবর দেয়। 

কোনো মৃত্যু যেহেতু ঘটেনি তাই করোনাভাইরাসে দেশে মোট মোট মৃত্যুর সংখ্যা আগের মতো ২৯ হাজার ১২৩ এ রয়েছে। গত সোমবার থেকে এই সংখ্যাটি স্থির রয়েছে।

আর শনাক্ত রোগীর সংখ্যা ভালো খবর দিচ্ছে। মনে করিয়ে দিচ্ছে দুই বছর আগে করোনার শুরুর দিনগুলোর কথা। ২০২০ সালের ৫ এপ্রিল ১৮ জন রোগী শনাক্ত হয়েছিল এর পর থেকে আর কখনো এতো কম রোগী শনাক্ত হয়নি। 

মাঝে ৩৬ জন করে রোগী শনাক্ত হয়েছে। যা ছিল দুই বছরের মধ্যে সর্বনিম্ন। তবে এবার সেই সর্বনিম্নের রেকর্ডটা আরো নিচে নামল।  

নতুন ২৮ জনকে নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৩ জন।     

সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৬১০ জন। তাদের নিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ৯৩৩ জন।

এই হিসাবে এখন দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩৫ হাজার জন। অর্থাৎ নিশ্চিতভাবে করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন এই সংখ্যক মানুষ।

গত ২৪ ঘণ্টায় যে ২৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, তার মধ্যে ২০ জনই ঢাকা বিভাগের। তার ১৭ জনই আবার ঢাকা জেলার। এর বাইরে কিশোরগঞ্জ, মাদারীপুর ও গাজীপুর জেলায় একজন করে রোগী শনাক্ত হয়েছে।

ঢাকার বাইরে ময়মনসিংহ জেলায় ৩ জন, জামালপুরে ১ জন, চট্টগ্রাম জেলায় ১ জন, কক্সবাজারে ১ জন, চাঁদপুরে ১ জন ও হবিগঞ্জে ১ জন রোগী শনাক্ত হয়েছে।

গত একদিনে দেশের বাকি ৫৪ জেলায় কোনো রোগী ধরা পড়েনি।