২৪ ঘণ্টায় দেশে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬২৬
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ৬২৬ জন করোনাভাইরাসের রোগী পাওযা গেছে। এই সময়ে মারা গেছেন আরো ৫ জন।
আজ বুধবার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬২৬ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।
নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩ হাজার ৫৭০ জন হলো। এদের মধ্যে ২৯ হাজার ২৮০ জন করোনায় মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৮৩৯ জন কোভিড রোগীর সেরে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৩৯ হাজার ২১১ জন।
নতুন শনাক্ত ৬২৬ জনের মধ্যে ২৯১ জন ঢাকা জেলার বাসিন্দা। এদিন দেশের ৬৪ জেলার মধ্যে ৪৭ জেলায় নতুন রোগী ধরা পড়েছে।
গত একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও সামান্য বেড়েছে। এই হার ৬ দশমিক ৮৩ শতাংশ। আগের দিন যা ছিল ৬ দশমিক ১৪ শতাংশ।