১০০০ টাকার লাল নোট অচলের খবর ‘গুজব’
খবরটি পুরোপুরি গুজব। এক হাজার টাকার ‘লাল নোট’ বাতিল বা অচল হয়নি। খবরটি সত্য নয়। জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার এক হাজার টাকার লাল নোট বাতিল হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সেই খবরকে উড়িয়ে দিয়ে এ কথা জানায় দেশের কেন্দ্রীয় ব্যাংক।
আজ বিকেলে দেশের একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলে খবরটি প্রচারিত হয়। জানানো হয়, এক হাজার টাকার লাল নোট বাতিল করা হয়েছে। খবরে বলা হয়, আগামি ৩০ মের মধ্যে এক হাজার টাকার লাল নোট ব্যাংকে জমা দিতে হবে। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এমন খবরে মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও কৌতুহলের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তারা এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি।
আজ বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০০ টাকা মূল্যমানের লাল নোট আগামী ৩০ মে ২০২২ তারিখের পর অচল হিসেবে গণ্য হবে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য অনলাইন প্লাটফর্মে গুজব/বিভ্রান্তিকর যে তথ্য প্রচারিত হচ্ছে, তা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে। জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০০ টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল ঘোষণা করা হয়নি। জনসাধারণকে এ ধরনের গুজব/বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার অনুরোধ করা হচ্ছে।